লোকসমাচার ডেস্ক:পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রবাসী আনোয়ার মালিথা (৪০) ও স্বপ্না খাতুন (৩৫) নামের এক দম্পতি নিহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী আনোয়ার মালিথা ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে ও স্বপ্না খাতুন তার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনোয়ার মালিথার বড় ছেলে সিয়াম হোসেনের বিয়ের আয়োজন ছিল। এ উপলক্ষে বুধবার বিকেলে স্ত্রী স্বপ্না খাতুনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈশ্বরদী বাজারে বিয়ের বাজার করতে যান প্রবাসী আনোয়ার মালিথা। বাজার শেষে রাতে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
শহরের আলহাজ মোড় এলাকায় পৌঁছলে নতুনহাট থেকে ঈশ্বরদী শহর অভিমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বপ্না খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ার মালিথাকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ঈশ্বরদীর আলহাজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও মর্মান্তিক। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাকটি আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া শেষে আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে মামলা করা হবে।

























