লোকসমাচার ডেস্ক:প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সারা দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং যার ৮০ শতাংশই হবেন নারী।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
এ সময় তিনি দেশের স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের লক্ষ্যে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, সুস্থ ও সবল জাতি উপহার দিতে সরকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমরা সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানেও চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা করছি।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে চিকিৎসাসেবা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা দেওয়া নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাসপাতালে রোগীর চাপ কমিয়ে আনা। এজন্য সারা দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই হবেন নারী।
তিনি আরো বলেন এই স্বাস্থ্যকর্মীরা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়বেন। তারা বিশেষ করে পরিবারের নারীপ্রধান দেখ খাদ্যের গুনাগুন ও সঠিক খাদ্যাভাস নিয়ে সচেতন করবেন। খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা হলে হাসপাতালের উপর চাপ কমবে।
এর আগে প্রধানমন্ত্রী শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন শেষে সড়কপথে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম,পানি সম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ।





















