লোকসমাচার ডেস্ক:তারেক রহমানের আগমনে জনসমুদ্রে ভাসলো যশোর প্রায় দুই দশক পর সরাসরি জনসভায় উপস্থিত হয়ে যশোরবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ দুপুর আড়াইটার কিছু আগে ঐতিহাসিক উপশহর ডিগ্রি কলেজ মাঠে পৌঁছালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে সামনে পেয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের গগনবিদারী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সকাল থেকেই যশোরের বিভিন্ন উপজেলা—বাঘারপাড়া, ঝিকরগাছা, চৌগাছা, অভয়নগর ও মণিরামপুরসহ আশপাশের এলাকা থেকে দলে দলে মানুষ সমাবেশস্থলের দিকে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপশহর ডিগ্রি কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক, অলিগলি এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও মানুষের ভিড় ছড়িয়ে পড়ে। অংশগ্রহণকারীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড।
মঞ্চে শুভেচ্ছা, আসছে ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা
মঞ্চে উঠে সমবেত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, এ জনসভা থেকে তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য আগামীর বাংলাদেশ নিয়ে একটি রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা (ভিশন) তুলে ধরবেন। দীর্ঘ সময় পর তার এই প্রকাশ্য উপস্থিতি তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে মনে করছেন দলীয় নেতারা।
কড়া নিরাপত্তা, নজরদারিতে পুরো এলাকা
সমাবেশকে ঘিরে শহরজুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ জানিয়েছে, পাঁচ শতাধিক সদস্য মাঠ ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছেন। প্রযুক্তিনির্ভর নজরদারির অংশ হিসেবে শতাধিক পুলিশ সদস্য বডি ক্যামেরা ব্যবহার করছেন এবং সিসিটিভির মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণে ছিল।পাশাপাশি র্যাবের ছয়টি বিশেষ টিম সার্বক্ষণিক টহল রত ছিল।





















