লোকসমাচার ডেস্ক:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তিন দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
ঢাকা থেকে রওনা হওয়ার সময় তাকে বিদায় জানান সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রবাসী সদস্য ও শুভানুধ্যায়ীরা। মালয়েশিয়ায় পৌঁছে নাহিদ ইসলাম পুত্রাজায়ার বড় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ।
সফরের অংশ হিসেবে তিনি প্রবাসী বাংলাদেশি, সাংবাদিক, মানবাধিকারকর্মী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি অংশ নেবেন একটি পাবলিক ইভেন্টেও, যেখানে জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী, শিক্ষার্থী ও প্রবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। আগামী ২৫ আগস্ট (সোমবার) দেশে ফেরার কথা রয়েছে তার।


























