লোকসমাচার ডেস্ক:জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এবং দলটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া মামলাটি প্রত্যাহার করেছে বাদীপক্ষ।
মঙ্গলবার (১২ আগস্ট) বাদীপক্ষ থেকে এমএ রাজ্জাক খান মামলা প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে, গত ৩১ জুলাই তাদের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১৮ জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্রের পরিপন্থীভাবে জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। ওই বছরের ২৮ ডিসেম্বর জিএম কাদের পার্টির সম্মেলন ও কাউন্সিল করে অবৈধ ভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন।
সর্বশেষ ২০২৫ সালের ২৮ জুন প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে দলটির প্রেসিডিয়াম সদস্যসহ সাতজনকে, পরে আরো তিনজনকে অব্যাহতি দেওয়া হয় এবং জাতীয় পার্টির নিজস্ব ওয়েবসাইট থেকেও তাদের নাম মুছে ফেলা হয়।
ওই ঘটনায় গত ১০ জুলাই ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ ১৩ জন বাদী হয়ে মামলা করেছিলেন।


























