লোকসমাচার ডেস্ক:এবার চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নেতা নিজাম উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। একই অভিযোগে সোমবার তাকে কারণ দর্শানো নোটিস দেওয়া হয়েছিল।
সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গণমাধ্যমের বরাতে আপনার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে। যা দলের সুনাম ক্ষুন্ন করেছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় আপনাকে দলের সব প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হল। একইসঙ্গে আপনাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হল।
গেল রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির একটি পুরনো ভিডিও ছড়িয়ে পড়ে। এটি ফেসবুকে আপলোড করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম। আপলোড করে তিনি স্ট্যাটাসে লেখেন, সাইফপাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন, এটা শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।
ফেসবুকে ছড়িয়ে পড়া দেড় মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজাম উদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কলে কথা বলতে দেখা যায়। যেটি অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয়।
শুরুতে আফতাব হোসেন বলেন, ‘যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কী করব?’ জবাবে নিজাম উদ্দিন বলেন, ‘আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে?’ এ পাশ থেকে ‘হ্যাঁ’ জবাব দেন আফতাব।
কত লাখ টাকা দেওয়া হয়েছে এমন প্রশ্নে আফতাব বলেন ‘পাঁচ’। এরপর নিজাম উদ্দিনকে বলতে শোনা যায় ‘আরও বেশি নিতা প্রেশার (চাপ) দিয়ে, তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না। নিতে পারলে ওদের আমি এনে, রোহান, মীরদেরকে এসে কিছু দিয়ে দিলাম।’
দলীয় সূত্র জানায়, এই আফতাব হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সমন্বয়ক।
নিজাম উদ্দিনের বিরুদ্ধে গত ৫ জুলাই চাঁদাবাজির অভিযোগ লিখিতভাবে জানিয়েছিলেন এক নারী। সিএমপি কমিশনারকে দেয়া আবেদনে দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়। এই অভিযোগ খতিয়ে দেখার পর নিজাম উদ্দিনকে ওই সময় বহিষ্কার করা হয়েছিল। কিছুদিন পর তাকে আবার দলে ভেড়ানো হয়েছে। নিজাম উদ্দিনকে গেল ৯ আগস্ট ঘোষিত এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেয়া হয়েছিল।


























