স্টাফ রিপোর্টার:যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের টাওরা গ্রামে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে। বুধবার (১১ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে এ অভিযান চালানো হয়।
অভিযানে একটি চাইনিজ হাতকুড়াল ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
যৌথ বাহিনীর সদস্যরা প্রতিনিধিকে মুঠোফোনে জানান অভিযানে গ্রেফতারকৃত পাঁচ জন ইভটিজার তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল দীর্ঘদিন যাবত স্কুল কলেজের ছাত্রীদের কটুক্তি করে আসছিলো।
গ্রেফতারকৃতরা হচ্ছে নাঈম হোসেন, মেহেদী মোড়ল, মোঃ শাওন হোসেন, ওয়ালিদ ও মেহেদী হাসান আশিক। তারা সকলেই ঝিকরগাছা থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় শিওরদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ বেলাল হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠিয়েছে।





















