লোকসমাচার ডেস্ক:আওয়ামী লীগের চলমান ‘শুদ্ধি অভিযানে’ দুর্নীতি-সন্ত্রাস-মাদকের সঙ্গে জড়িত ‘চুনোপুঁটি থেকে রাঘববোয়াল’ কেউই রেহাই পাবে না বলে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাস শুটিং ক্লাব পয়েন্টে নবনির্মিত আন্ডারপাসের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।
দেশ থেকে দুর্নীতি নির্মূল না হওয়া পর্যন্ত ‘শুদ্ধি অভিযান’ অব্যাহত থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে। দুর্নীতি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে এ অভিযান চলবে। কোনও দুর্নীতিবাজকে ছাড় দেয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানে চুনোপুঁটি থেকে রাঘববোয়াল কেউই রেহাই পাবে না।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি সরকারের সময় দেশে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মদ-জুয়ার আসর বসেছিল। কিন্তু এ ব্যাপারে তারা কোনও ব্যবস্থা নেয়নি। খালেদা জিয়া যা পারেননি, তা শেখ হাসিনা পেরেছেন।’
২৬ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে প্রায় ২০০ মিটার দীর্ঘ আন্ডারপাসটি সড়ক ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড নির্মাণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন, চিফ ইঞ্জিনিয়ার মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল এস এম আনোয়ার হোসেন ও সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ।


























