লোকসমাচার ডেস্ক:চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য শুক্রবার (৩০ আগস্ট) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এ টেস্টের জন্য নির্বাচকদের বিবেচনায় খুব ভালোভাবে ছিলেন ওপেনার ইমরুল কায়েস। তবে তার ছেলের ডেঙ্গু হওয়ায় এই বাঁহাতি ওপেনারকে ডাকা হয়নি টাইগার দলে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, তামিম ইকবাল ছুটিতে থাকায় অভিজ্ঞ ইমরুলের কথা তাদের মাথায় ছিল।ইমরুলকে নিয়ে আমরা চিন্তা-ভাবনা করেছিলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে ওর ছেলে অসুস্থ হওয়াতে… সে হাসপাতালে আছে, ডেঙ্গু হয়েছে। এই কারণে ইমরুল এখন ক্যাম্পেও নেই, অনুশীলনেও নেই। আমরা আশা করছি, দ্রুতই সে খেলায় ফিরে আসবে।
শেষ দুই টেস্টে উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গী ছিলেন সাদমান ইসলাম। তরুণ এই ব্যাটসম্যানের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে পারেন সৌম্য সরকার কিংবা লিটন দাস।প্রধান নির্বাচক বলেন, তামিম নেই তাই আমাদের ব্যাক আপ খেলোয়াড়ের দিকে তাকাতে হবে। লিটন, সৌম্য ওরা আছে।
আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের একমাত্র টেস্টটি খেলবে আফগানরা।চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে ১ ও ২ সেপ্টেম্বর আফগানদের দুইদিনের অনুশীলন ম্যাচ রয়েছে।


























