লোকসমাচার,বরিশাল প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে পৃথক ঘটনায় ২৪ ঘন্টার ব্যবধানে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকসহ ২ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। যারমধ্যে মঙ্গলবার (০৬ আগষ্ট) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশার তালতলা এলাকার একটি পুকুর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রিয়াজ উদ্দিন সরদার (৩৭) এর লাশ উদ্ধার করা হয়। সে বরিশাল নগরের মতাশার কলোনী এলাকার বাসিন্দা শামসুল হক সরদারের ছেলে।
নিহতের ভাই আঃ রাজ্জাক সরদার জানান, রিয়াজ উদ্দিন সরদারের নগরের নতুনবাজার সংলগ্ন মড়কখোলা পুল এলাকায় একটি তেলের দোকান রয়েছে। এ কারণে সে ওই এলাকাতে বাসা ভাড়া করে স্ত্রী ও একমাত্র ছেলে সন্তানকে নিয়ে বসবাস করতো। তিনি জানান, ৬ মাস পূর্বে লাল রংয়ের একটি মোটরসাইকেলে কিনে, যা সে ভাড়া দিতো এবং নিজেও চালাতো। সোমবার দিবাগত মধ্যরাতে দোকান বন্ধ করে বাসায় যায়। এরপর ওই রাতেই তাকে কে বা কারা ডেকে নিয়ে যায়, পরে আর সে বাসায় ফিরে আসেনি। গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে বরিশাল-লাকুটিয়া সড়ক সংলগ্ন চাঁদপাশার তালতলা এলাকার একটি পুকুরে মানুষের লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে রিয়াজের মরদেহ হিসেবে সেটিকে সনাক্ত করে। শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়ে রাজ্জাক বলেন, রিয়াজের মরদেহ উদ্ধার হলেও তার সাথে থাকা মোটরসাইকেলটির সন্ধান এখনো পাওয়া যায়নি। এবিষয়ে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া রিয়াজুল হকের মরদেহ যে ডোবা থেকে উদ্বার করা হয়েছে তার দু’শ গজ দুরে স্যান্ডেল ও একটি ওড়না পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রিয়াজুলকে শ্বাষরুদ্ব করে হত্যা করে মরদেহে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। অপরদিকে একই থানাধীন (এয়ারপোর্ট) বাবুগঞ্জ ও বরিশাল সদর উপজেলার সীমান্তবর্তী লাকুটিয়া বাজার সংলগ্ন এলাকার একটি পুকুর থেকে মকবুল হোসেন জমাদ্দার(৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। সোমবার (৫ আগষ্ট) দুপুরে উদ্ধার হওয়া ওই মরদেহের ময়নাতদন্ত মঙ্গলবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। পাশাপাশি মরদেহটি স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার এসআই নাসির উদ্দিন খান।
পারিবারিক সূত্রে জানাগেছে, রোববার (০৪ আগষ্ট) সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে নিঁখোজ হন। অনেক খোজাখুজির পর পরের দিন বেলা ১২ টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।





















