লোকসমাচার,নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন আহমেদ দুলাল প্রধানকে (৩৮) মাদকসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২ আগস্ট) রাতে শহরের নবীগঞ্জ ফেরী ঘাট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয় । একই সময় তার সাথে থাকা তাঁর ৫ সহযোগি কামাল হাসান (৪৭), মনির হোসেন মনু (৫০),তানভীর আহম্মেদ সোহেল(৪১), মোঃ মজিবর রহমান(৫২) কে গ্রেফতার করে ডিবি ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এ সকল তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ৭ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
হারুন অর রশীদ জানান, বৃহস্পতিবার মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সূত্রে জানতে পারে যে, একটি সাদা রং এর মিনি হায়েস গাড়িতে করে (ঢাকা মেট্রো-চ-৫৩-৯৪৮৭) কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে নবীগঞ্জ ঘাট পার হচ্ছে।
রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি আভিযানিক দল গাড়িটি নবীগঞ্জ ঘাট অতিক্রম করার সময় গাড়িটি আটক করে। গাড়ি ও যাত্রীদের তল্লাশী চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও নগদ ৩২ হাজার টাকা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে মাদক মামলার মূল আসামী কাউন্সিলর দুলাল প্রধান মাদকের সাথে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে জানায়, কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পরিচয়ের আড়ালে সে এবং তার সহযোগিরা একে অপরের সহায়তায় ফেন্সিডিলের ব্যবসা করে আসছিলো।
পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মাদকের সাথে কোন আপোস নাই। অপরাধী যেই হোক না কেন, অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে।





















