লোকসমাচার,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আব্দুর রহমান নামে আড়াই বছরের একটি শিশুর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। সে উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের দুবাই প্রবাসী মো.আরিফ হোসেনের ছোট ছেলে। স্থানীয় ইউপি সদস্য ও নিহতের দাদা সোলাইমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার শিশু আব্দুর রহমান জ্বরে আক্রান্ত হলে চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা শিশু হাসপাতালে রেফার্ড করে। পরে শিশু হাসপাতালে না গিয়ে তাকে রেঁনেসা হাসপাতালে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন শিশুটির ডেঙ্গু জ্বর হয়েছে। গত মঙ্গলবার বিকেলে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শিশুটি মারা যায়। ওই রাতে তাকে কালীগঞ্জের নিজ গ্রামের বাড়ির পারিবারিক গোরস্থানে মৃতের দাফন সম্পন্ন করা হয়।





















