লোকসমাচার ডেস্ক:যশোরের অভয়নগরে আমির হামজা সিয়াম (৯) নামে নিখোঁজ হওয়া প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার মশরহাটী গ্রামে নিজ বাড়ির সামনের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে অভয়নগর থানায় অপমৃত্যু মামলা হায়েছে। মৃত আমির হামজা সিয়াম উপজেলার পূর্বাচল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। সে মশরহাটী গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
নিখোঁজ হওয়া ও লাশ উদ্ধারের বিষয়ে সিয়ামের মামা আরমান হোসেন লোকসমাচারকে জানান, রবিবার দুপুরে সিয়াম বাড়ির সামনে ডোবার পাশে খেলা করছিল। কিছু সময় পর ডোবার পাশে সিয়ামাকে দেখতে না পেলে খোঁজাখুঁজি শুরু করা হয়। বিকাল অবধি খোঁজাখুঁজি করে না পেলে রাতে অভয়নগর থানায় অভিযোগ করা হয়।
সোমবার সকালে আবার খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির সামনের সেই ডোবার মধ্যে সিয়ামের ভেসে ওঠা মাথা দেখা যায়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় ডোবা থেকে মৃতদেহ উদ্ধার করা হয় এবং থানায় দায়ের করা অভিযোগ প্রত্যাহার করা হয়। সিয়ামের বাবা-মা জানান, তাদের ছেলে পানিতে ডুবে মারা গেছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, নিহতের পরিবার নিখোঁজ হওয়ার অভিযোগ করলেও তা প্রত্যাহার করে নিয়েছে। মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা হয়েছে।






















