লোকসমাচার ডেস্ক : লেখক ও প্রকাশক আহমেদ মাহফুজুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বৎসর।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়া আক্রান্ত হয়ে তিনি প্রায় দুই সপ্তাহ ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আহমেদ মাহফুজুল হক জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা অধিকর্তা ছিলেন। তিনি বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির একজন প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
তিনি সৃজনশীল প্রকাশনা জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন এবং ষাট দশক থেকে অত্যন্ত গৌরব, সৃজনশীলতা এবং নিষ্ঠার সঙ্গে বই প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িত ছিলেন। প্রকাশনা সংস্থা মাওলা ব্রাদার্স তাদের পারিবারিক প্রতিষ্ঠান। তার মৃত্যুতে বাংলাবাজার বই পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। বনানী কবরস্থানে পারিবারিকভাবে নির্ধারিত স্থানে তাকে সমাধিত করা হয়।
প্রসঙ্গত, তিনি টিভি উপস্থাপক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক জামিল আহমেদের শ্বশুর।


























