লোকসমাচার ডেস্ক: পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকা থেকে একটি ময়ূর উদ্ধার করা হয়েছে। সীমান্তবর্তী ওই এলাকায় উদ্ধার হওয়া ময়ূরটি ভারত থেকে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের হাজী খামিরউদ্দিন প্রধান আলিম মাদরাসার মাঠে একটি পাখিকে তাড়া করছিল কয়েকটি কুকুর। এ দৃশ্য দেখে ওই এলাকার বাচ্চা মিয়া, আব্দুল মান্নান, কামরুজ্জামান বুলেটসহ স্থানীয়রা কাছে গিয়ে দেখতে পান পাখিটি ময়ূর। পরে ময়ূরটিকে কুকুরের হাত থেকে উদ্ধার করে বাচ্চা মিয়ার বাড়িতে রাখা হয় এবং খাবার দেওয়া হয়।
খবর শুনে ময়ূরটি এক পলক দেখার জন্য তার বাড়িতে আসতে থাকে মানুষ। পরে খবর দেওয়া হয় পঞ্চগড় সামাজিক বন বিভাগের কর্মকর্তাদের। তারা ঘটনাস্থলে গিয়ে ময়ূরটি উদ্ধার করে পঞ্চগড়ে নিয়ে আসেন।
ময়ূরটি সংরক্ষণের জন্য দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্দ্যানে পাঠানো হবে বলে জানান বন বিভাগ পঞ্চগড়ের রেঞ্জ কর্মকর্তা রহুল আমিন। ময়ূরটি ভারত থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসতে পারে বলেও জানান তিনি।























