লোকসমাচার ডেস্ক : টেস্ট সিরিজ নয়, পাকিস্তান সফরে আপাতত শুধু টি-টোয়েন্টি খেলার জন্য সবুজ সংকেত মিলেছে সরকারের তরফ থেকে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিবেচনায় যত কম সময়ে সম্ভব সফর শেষ করার পরামর্শও দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। রবিবার বিসিবির বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সরকারের তরফ থেকে দেওয়া সেই নির্দেশ নেমেই এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সিরিজ নিয়ে আলোচনা করবে বিসিবি।
নাজমুল হাসান বলেন, ‘পাকিস্তান সফর নিয়ে আমরা সিকিউরিটি অ্যাডভাইজ তো নিয়েছি। এরপর যে কোনো সফরের আগে সরকারের জিও লাগে। সেটার জন্য আমরা আবেদন করেছিলাম। আমরা সফরের পুরো সিরিজের (টি-টোয়েন্টি ও টেস্ট) শিডিউল দিয়েছিলাম। এখন পর্যন্ত কাগজটা আমাদের হাতে পৌঁছায়নি। কিন্তু আমরা সেই কাগজের স্ক্রিন শট পেয়েছি, যে কি আছে।’
‘এখানে যেটা আসছে তারা বলেছে, মধ্যপ্রাচ্যে এখন যে পরিস্থিতি, এটা যে কোনো সময়ের চেয়ে আলাদা।… যত সংক্ষিপ্ত করা সম্ভব সেটা করার কথাই তারা বলেছে। শুধু তাই না। যেহেতু টি-টোয়েন্টি প্রথমে ছিল। তারা বলেছে শুধু টি-টোয়েন্টি তিনটি যত সংক্ষিপ্ত সময়ে সম্ভব খেলে চলে আসতে। পরে পরিস্থিতি উন্নয়ন হলে টেস্ট খেলা যাবে।’


























