লোকসমাচার ডেস্ক: তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে আগামী মাসে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টেস্ট মর্যাদা পাওয়ার পর এই প্রথমবারের মতো ভারতের মাটিতে পূর্ণাঙ্গ কোনো সিরিজ খেলতে যাচ্ছে টাইগার বাহিনী। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ মোটেই সহজ হবে না বলে ভারতকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’কে তিনি বলেন, সিরিজটি দারুণ উপভোগ্য হবে। বাংলাদেশ এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো দল। তাদের অনেক খেলোয়াড় এখন টি-টোয়েন্টি লিগে খেলে। এটা তাদের কাজে লাগবে। তাছাড়া তারা সবসময় ভয়ঙ্কর দল। নিজেদের দিনে তারা যেকোনো হিসাব পাল্টে দিতে পারে।
টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তার বদলে নেতৃত্ব দেবেন ওপেনার রোহিত শর্মা। এদিকে বাংলাদেশের তামিম ইকবালকে মিস করবে বাংলাদেশ। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন দেশসেরা এই ওপেনার। ফলে তার বদলে যাচ্ছেন ইমরুল কায়েস।
অনেকে মনে করেন, কোহলির না থাকাটা বাংলাদেশের জন্য স্বস্তির কারণ হবে। তবে হোয়াটমোর বলেন, ‘কোনো সন্দেহ নেই সে (কোহলি) সব ফরম্যাটেই বিশ্বের সেরা ব্যাটসম্যান। তার উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখে। তবে কোহলির অনুপস্থিতি সত্ত্বেও ভারত শক্তিশালী দল। রোহিত শর্মা দারুণ ফর্মে আছে। ঘরের মাটিতে ভারত সবসময় কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশের জন্য এটা কঠিন এক পরীক্ষা হবে সন্দেহ নেই।’
বাংলাদেশের সাকিব আল হাসান এখন বিশ্বসেরা অলরাউন্ডার। আর বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলেরও নেতৃত্ব দিচ্ছেন। সাবেক শিষ্যের এমন উন্নতিতে অনেক খুশি হোয়াটমোর।
তিনি বলেন, তার ক্যারিয়ার যেভাবে উন্নতি করেছে তাতে আমি খুশি। আমি যখন দায়িত্বে ছিলাম তখন আমি ভাবতেই পারিনি যে সে এখন নিজের দেশের নেতৃত্ব দেবে। কিন্তু সে সত্যিই প্রশংসার দাবিদার। সে সবসময় টাইট বোলিং আর বড় উইকেট নিতে সক্ষম। গত কয়েক বছরে তার ব্যাটিংয়ের দারুণ উন্নতি হয়েছে। সে এখন পূর্ণাঙ্গ অলরাউন্ডার, গত বিশ্বকাপে সে ভালো ফর্মে ছিল। আমি নিশ্চিত ভারতের মতো শীর্ষ দলের বিপক্ষে সে তার সেরাটাই দিতে চাইবে।
বাংলাদেশের বোলিং বিভাগের মূল অস্ত্র হিসেবে মোস্তাফিজুর রহমানকে দেখছেন হোয়াটমোর। যদিও সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো ফর্মে নেই ‘কাটার মাস্টার’। তবে ভারতের পিচে তার কাছ থেকে দারুণ কিছু আশা করছেন ৬৫ বছর বয়সী কোচ।
তিনি বলেন, সে অনেক উঁচুমানের বোলার। (ভারতের) উইকেট তাকে দ্রুতগতিতে বল করতে সাহায্য করবে। সে বাংলাদেশের সাফল্যে বড় ভূমিকা রাখতে পারে। ভারতের কয়েকজন ব্যাটসম্যান বাঁহাতি সিমারদের খেলতে অসুবিধায় পড়ে যায়। মোস্তাফিজ যদি তার লেন্থ ঠিক রেখে ধারাবাহিক হতে পারে, সে উইকেট পাবেই।


























