লোকসমাচার ডেস্ক:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিএনপির পদযাত্রায় বাঁধা, হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন পুলিশের সদস্য, সাংবাদিকসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।
শনিবার বিকাল সাড়ে ৪টায় বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা পার হওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়ে। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুড়লে পুলিশও টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে।
বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নান জানান, আমরা শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে অবস্থান নেওয়ার সময়ে পুলিশ এসে অতর্কিত লাঠিচার্জ করেছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর টিয়ার শেল ও গুলি ছুড়েছে। এতে অনেকেই আহত হয়েছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, অনুমতি ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচি করতে চেয়েছিল। আমরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যেতে বলায় আমাদের উদ্দেশ করে ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে আমরা কয়েক রাউন্ড রাবার বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। বর্তমানে পরিস্থিতিতে শান্ত রয়েছে।




















