লোকসমাচার ডেস্ক:ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশ নিয়েছেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। এ সময় হাদি হত্যার বিচার দাবি করার পাশাপাশি আগামী ১৮ ডিসেম্বর শাহবাগে মহাসমাবেশের ঘোষণা দেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে কাটা পাহাড় সড়ক হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন আব্দুল্লাহ আল জাবের। পরে তিনি উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
ইনকিলাব মঞ্চ ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার।
সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি নিজের শত্রুতার কারণে শহীদ হননি। তার সঙ্গে কারও জমি নিয়ে বিরোধ ছিল না, ব্যক্তিগত কোনো মামলাও ছিল না। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলে শহীদ হয়েছেন। তার হত্যার বিচার করা বাংলাদেশ রাষ্ট্রের ওপর ফরজ।
তিনি আরও বলেন, এই বিচারের মাধ্যমে ওসমান হাদি কিছুই পাবেন না, কিন্তু বাংলাদেশ একটি ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করবে। একজন মানুষ বাংলাদেশের নাগরিক হিসেবে তার সঙ্গে হওয়া জুলুমের বিচার পাবেন। আমরা চাই, বাংলাদেশের একজন কৃষক, ভ্যানচালক, রিকশাচালক, শ্রমিক তিনি যে-ই হোন না কেন, তার সঙ্গে ঘটা জুলুমের বিচার তিনি বাংলাদেশের নাগরিক হওয়ার সুবাদে পাবেন। সেখানে কোনো রাজনৈতিক বা সামাজিক প্রভাব মুখ্য বিষয় হবে না।
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতে আটক ওসমান হাদির দুই হত্যাকারীকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে আগামী ১৮ ডিসেম্বর শাহবাগে ইনকিলাব মঞ্চের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি।
এদিকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘ওসমান হাদি, বাংলাদেশের আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘গণভোটের গণরায়, মেনে নিতে কিসের ভয়?’, ‘মজিদবাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘খুনি লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি গত ৬ অক্টোবর বাংলাবান্ধা থেকে শুরু হয়। দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের পর এটি টেকনাফে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
























