নিজস্ব প্রতিবেদক:যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিল্লাল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে পুলেরহাটের তফসিডাঙ্গা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন কেশবপুর উপজেলার ত্রিমোহনী ইউনিয়নের মির্জানগর গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল মোটরসাইকেলযোগে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। তফসিডাঙ্গা মাদ্রাসার সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, বিল্লালের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং ওই আঘাতেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
























