লোকসমাচার ডেস্ক:যশোরে আবিদ হোসেন(২৬)নামে একজন গ্রামীণফোন কর্মী(বিক্রয় প্রতিনিধি)অপহরণের শিকার হয়েছেন। মুক্তি দিতে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।
আবিদ হোসেন যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি গ্রামীণফোনের ছাতিয়ানতলা অফিসের মার্কেটিং ও সেলস বিভাগে কর্মরত।
আবিদের স্ত্রী মিনি খাতুন লোকসমাচার কে জানান, বুধবার (১১ মার্চ) সকালে আবিদ কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দুপুরে ফোন করে জানান তিনি মধ্যাহ্নভোজের জন্য দোকানে যাচ্ছেন। এরপর থেকেই তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত প্রায় ৮টার দিকে অফিস থেকে জানানো হয় যে, আবিদ দুপুরে খাবারের বিরতিতে গিয়ে আর ফেরেননি।
মিনি খাতুন আরও জানান, রাত ৯টার পর একটি অপরিচিত নম্বর (০১৩১২১১৮৪৮৮) থেকে তার ফোনে কল আসে। ফোন ধরতেই আবিদ কান্নাজড়িত কণ্ঠে তাকে বাঁচানোর আকুতি জানান। এর কিছুক্ষণ পর আবিদের বাবার ফোনে কল দিয়ে বলা হয় এখনই ১ লাখ টাকা বিকাশে পাঠাতে হবে, তা না হলে আবিদকে মেরে ফেলা হবে।
অপহরণকারীরা আবিদের কাছ থেকে নগদ টাকা ও রিচার্জ কার্ড ছিনিয়ে নিয়েছে বলেও জানায় এবং টাকা না পেলে হত্যার হুমকি দেয়। এমনকি আবিদের বাবার হোয়াটসঅ্যাপ নম্বরেও বারংবার ম্যাসেজ পাঠিয়ে টাকার জন্য চাপ দেওয়া হচ্ছে।
এই ঘটনায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিনি খাতুন যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান,পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, যশোরে সাম্প্রতিক সময়ে অপহরণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত ২ মার্চ যশোর শহরের শংকরপুর এলাকা থেকে ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম অপহৃত হন, যার মুক্তিপণ হিসেবে ১ কোটি টাকা দাবি করা হয়েছিল। র্যাব সদস্যরা ৯ দিন পর গত ১১ মার্চ রাতে চৌগাছা থেকে তাকে উদ্ধার করেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এই অপহরণের ঘটনা ঘটলো।
























