লোকসমাচার ডেস্ক:আগামী তিন মাসের মধ্যে একটি নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচনের দাবি জোড়ালো হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট ৬৮ নাগরিক। এদের মধ্যে বুদ্ধিজীবী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর, শিক্ষাবিদ, ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ, সাবেক রাষ্ট্রদূত ও ব্যাংকারসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনরা রয়েছেন। কারাবন্দী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবি করে শুক্রবার (৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে এ কথা বলেন তারা।
বিবৃতিতে উল্লেখ করা হয়, একটি গণতান্ত্রিক রাজনৈতিক সমাজ প্রতিষ্ঠার জন্য জাতি আজ উন্মুখ। বর্তমান প্রধানমন্ত্রী নিজেও এ বিষয়ে তার অঙ্গীকারের কথা বলেছেন। আগামী তিন মাসের মধ্যে একটি নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটি করার দাবি জোড়ালো হচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়, ঠিক এই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানকে ঝুঁকিপূর্ণ করে তোলা হয়েছে।
বিশিষ্ট ৬৮ নাগরিক তাদের বিবৃতিতে আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে দৃঢ়ভাবে বিশ্বাসী বলে আমাদের কাছে প্রতীয়মান। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যাতে শান্তিপূর্ণ পথে পরিচালিত হয় তার জন্যে মির্জা ফখরুলের ভূমিকা গুরুত্বপূর্ণ ও সর্বজনবিদিত। রাজনীতিতে সংঘাত পরিহার করে গণতান্ত্রিক রীতিনীতির চর্চা ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের মুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমাজের এই বিশিষ্টজনরা বলেন, আমরা আশা করি অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সরকার একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করবেন।




















