লোকসমাচার ডেস্ক:সাভারে টিউশন শেষে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি ঢাকা জেলা উত্তরের ওসি জালাল উদ্দিন।
রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে গাজীপুরের কালিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাভারে নিয়ে আসা হয়। এনিয়ে এ ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ।
এর আগে, শনিবার মধ্যরাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে মিঠু বিশ্বাস নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গ্রেফতারকৃত সোহেল ও মিঠু সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা।
ওসি জালাল উদ্দিন বলেন, গ্রেফতারকৃত সোহেলকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী বিইউপি শিক্ষার্থী বাদী হয়ে ঘটনার অন্যতম অভিযুক্ত সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও এবং মিঠু বিশ্বাসের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন। বাকি আসামিকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

























