লোকসমাচার,নিজস্ব প্রতিবেদক:জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় সংগঠক মোঃ সজীব হোসেন বলেছেন, “বাহাত্তরের মুজিববাদ ছিল একদলীয় শাসনব্যবস্থার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক বহুত্ববাদকে দমন এবং রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্রীকরণের দৃষ্টান্ত। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—এনসিপি সেই ধরণের রাষ্ট্রচিন্তাকে প্রত্যাখ্যান করে।”
তিনি বলেন, “১৯৭২ সালের সংবিধান ও তৎপরবর্তী সময়ে গৃহীত নীতিমালায় যে ‘রাষ্ট্রীয় একনায়কত্ব’ ও দলীয় কর্তৃত্বের ভিত্তি রাখা হয়েছিল, তা গণতন্ত্রের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। বাকস্বাধীনতা, রাজনৈতিক প্রতিপক্ষের অধিকার, ও জনগণের অংশগ্রহণ—সবই ছিল উপেক্ষিত। এনসিপি এই ইতিহাস ভুলে গিয়ে রাজনীতি করতে চায় না, বরং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায়।”
মোঃ সজীব হোসেন আরও বলেন, “আমরা বিশ্বাস করি—একটি আধুনিক, বিকেন্দ্রীকৃত এবং গণভিত্তিক রাষ্ট্রই পারে আগামী প্রজন্মকে প্রতিনিধিত্ব করতে। যেখানে জনগণ হবে রাষ্ট্রের মূল চালিকাশক্তি, কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়।”
জাতীয় নাগরিক পার্টির নীতিগত অবস্থান তুলে ধরে তিনি বলেন, “এনসিপি মনে করে, আজকের বাংলাদেশকে অতীতের একদলীয় মডেল দিয়ে বিচার করা, কিংবা সেই মডেলের পুনঃপ্রতিষ্ঠা চাওয়া একটি ভয়ঙ্কর পশ্চাৎমুখী উদ্যোগ। আমরা সেই পথের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি।”
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি নতুন রাজনৈতিক সংগঠন হিসেবে গণতন্ত্র, জবাবদিহি, বিকেন্দ্রীকরণ এবং তরুণ নেতৃত্ব বিকাশের অঙ্গীকার নিয়ে দেশের রাজনৈতিক পরিসরে আত্মপ্রকাশ করেছে। সংগঠনের সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় যুবশক্তি’ তরুণদের মধ্যে রাষ্ট্রচিন্তা, অধিকার ও নেতৃত্ব বিষয়ে সচেতনতা সৃষ্টি করছে।
























