লোকসমাচার ডেস্ক:ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের কনভেনশন শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে এ কনভেনশন শুরু হয়।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
সরজমিনে দেখা গেছে, কনভেনশনকে কেন্দ্র করে বেলা ১২টার আগে থেকে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১৫টি সংগঠনের প্রতিনিধি এবং নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আসছেন। নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, রঙ-বেরঙের ক্যাপ ও গেঞ্জি পরে দলে দলে কনভেনশনস্থলের দিকে আসছেন। এসময় তারা সরকারের পদত্যাগের দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
এদিকে কনভেনশনকে ঘিরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এবং এর আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
গত ২৯শে সেপ্টেম্বর নয় দফার ভিত্তিতে ১৫টি ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের ঘোষণা দেয়া হয়। এদিন দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই ছাত্র ঐক্যের ঘোষণা দেন।




















