লোকসমাচার,নীলফামারী প্রতিনিধি:নীলফামারী সদর উপজেলার বাইপাস মোড়ে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়।
মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় এ অভিযান পরিচালিত হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পরিচালিত এ অভিযানে নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শেখ ইমাম মোশারফ ও জনাব সুমনা পারভীন মিতা পৃথকভাবে ০২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন।
অভিযানকালে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ০২টি যানবাহনের বিরুদ্ধে মোট ১,০০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একইসঙ্গে ০৩টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় বিভিন্ন যানবাহনের চালকদের নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
























