লোকসমাচার ডেস্ক:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে আসার জন্য আমরা কারো ওপর চাপ সৃষ্টি করছি না। বিএনপির অনেক সাবেক নেতা স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন জোটের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।
বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘সাংবাদিকতার অ আ ক খ’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির এ সাবেক নেতারা অপরাজনীতির সঙ্গে তারা দ্বিমত পোষণ করেন। তারা বিএনপির ধ্বংসাত্মক রাজনীতির সহযাত্রী হতে চান না। এ কারণে জ্বালাও-পোড়াও থেকে বের হয়ে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নতুন জোট করে নির্বাচনে আসার ঘোষণা দিয়েছেন।
তিনি আরো বলেন, যারা যানবাহনে আগুন দিচ্ছে তাদের ১০ টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়া আগুন দেওয়ার দৃশ্য ধারণ করে তারেক রহমানসহ বিএনপির নেতাদের কাছেও পাঠানো হচ্ছে। এটা খুবই জঘন্য ও ন্যাক্কারজনক বিষয়। যারা গাড়িতে আগুন দিচ্ছে তাদের ধরা হয়েছে। প্রত্যেকেই জবানবন্দি দিয়েছেন যে তারা বিএনপির নেতাকর্মী। তাদের মধ্যে একজন ওয়ার্ড বিএনপির সভাপতিও আছে।
ড. হাছান মাহমুদ বলেন, গাড়ি আগুন দেওয়া কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না। এগুলো জঙ্গি-সন্ত্রাসীদের কাজ। এই অপরাজনীতি যারা করে তাদের তো এই দেশে রাজনীতি করারই অধিকার থাকা উচিত নয়।




















