লোকসমাচার ডেস্ক:১৮ কোটি মানুষের কাছে এই সরকারের সমর্থন নেই বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।তিনি বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে বিদেশিদের কাছে না হলেও দেশের ১৮ কোটি মানুষের কাছে সরকারকে মাথা নত করতেই হবে। বিদেশিদের কাছে মাথা নত করল কি করল না এটা বিএনপির মাথা ব্যথা নয়।
আজ (শুক্রবার) বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, গণতান্ত্রিক বিশ্ব গণতন্ত্রের পক্ষে কথা বলছে, মানবাধিকারের পক্ষে কথা বলছে, ন্যায় বিচারের পক্ষে কথা বলছে… এটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তাদের দায়িত্ববোধ থেকে বলছে। অর্থাৎ তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিয়ে কথা বলছে। সুতরাং যদি মাথা নত করতে হয় সরকারকে ১৮ কোটি মানুষের কাছেই মাথা নত করতে হবে।
বিদেশিরা কেন বিএনপির পক্ষে সমর্থন দিচ্ছে প্রশ্ন করা হলে গয়েশ্বর বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়ছি, বিদেশিরাও গণতন্ত্রের পক্ষে কথা বলছে, আমরা ন্যায়-বিচার চাই, তারা এ দেশে জাস্টিস চায়। জনগণের অধিকার যেন ভূলুণ্ঠিত না হয় তারা সেটা চায়। তারা মানবাধিকারের কথা বলে, তারা খুন-গুমের বিরুদ্ধে বলে। সুতরাং আমাদের এখানে চাওয়ার ব্যাপার নেই। তাদের নিজস্ব বিবেচনা বোধ থেকে তারা আমাদের দেশের জনগণের পক্ষে কথা বলছে।
গয়েশ্বর বলেন, জিয়াউর রহমান একজন ক্ষনজন্মা পুরুষ। তিনি স্বাধীনতার ডাক দিয়ে কোনও শত্রু শিবিরে বন্দি ছিলেন না, আত্মসমর্পন করেন নাই। সম্মুখ লড়াই করে, নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, হাবিবুর রহমান হাবিব, ফরহাদ হালিম ডোনার, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।




















