লোকসমাচার ডেস্ক: লালমনিরহাটে ঘর থেকে বের হলেই জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ৭৮ জনের কাছ থেকে ৭৭ হাজার ৮৮০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে লালমনিরহাটের অতিরিক্ত ডিসি (রাজস্ব) রাশেদুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাঁচাবাজার, ওষুধ ও কৃষি পণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ রাখতে গণবিজ্ঞপ্তি জারি করেছে লালমনিরহাট জেলা প্রশাসন।
এ আদেশ যাতে কেউ অমান্য করতে না পারে, সে জন্য লালমনিরহাটের ৫টি উপজেলায় চেক পোস্ট বসিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
এ সব অভিযানে অযথা ঘরের বাইরে ঘোরাঘুরি, দুপুর ১টার পর দোকান খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ বিভিন্ন অপরাধে ৭৮ জনকে ৭৭ হাজার ৮৮০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, দিনভর করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জেলার বিভিন্ন হাট বাজারে জন সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রশাসন।
লালমনিরহাটের ডিসি মো. আবু জাফর বলেন, জারিকৃত আদেশ অমান্য করায় এ জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসতে তিনি সবার প্রতি আহ্বান জানান।














