লোকসমাচার,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গরু চুরির মিথ্যা অপবাদ দিয়ে রাফিকুল (১৩) নামের এক কিশোরকে হাত-পা বেঁধে উল্টো করে শত শত মানুষের সামনে অমানবিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ধুমাইটারী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাফিকুল ইটভাটার শ্রমিক হিসাবে কাজ করেন। এই ঘটনায় থানায় মামলা দায়ের হলে জড়িত সন্দেহে গত সোমবার পুলিশ দ্ইু জনকে আটক করেছে। আহত রাফিকুল বর্তমানে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
রাফিকুলের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, প্রতেবেশী ইয়াজল, ফজলু ও নাজমুলের সাথে তাদের দীর্ঘদিন থেকে পারিবারিক বিরোধ চলছে। শুক্রবার (১০ জানুয়ারি) গভীর রাতে ফজলু হকের বাড়ি থেকে গরু চুরি হয়ে যায়। আর এই গরু রাফিকুল চুরি করেছে বলে মিথ্যা অপবাদ দিয়ে গত শুক্রবার রাতে রাফিকুলকে ঘুম থেকে ডেকে নিয়ে যায় তারা। পরে শনিবার সকালে রাফিকুলকে হাত-পা বেঁধে উল্টো করে লাঠি দিয়ে অমানবিকভাবে পেটায়। একপর্যায়ে রাফিকুল জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তিনি আরও বলেন, নির্যাতনকারীরা প্রভাবশালী হবার কারণে প্রথমে তারা ঘটনা নিয়ে কাউকে অভিযোগ করতে সাহস পাননি। পরে অজ্ঞাত ব্যাক্তির মোবাইলে ধারণ করা নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশকে জানানো হয়।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিশ্বেশ্বর চন্দ্র বর্মণ বলেন, রাফিকুলের হাত পা ও শরীরের বিভিন্ন জায়াগায় জখম রয়েছে। তার অবস্থা উন্নতির দিকে।
সুন্দরগঞ্জ থানার ওসি মোঃ আবদুল্লাহিল জামান বলেন, এঘটনায় গত রবিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।






















