লোকসমাচার ডেস্ক:চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৯৮ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে ৩৯৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২০৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) পরিচালিত এ অভিযানের তথ্য রোববার (৮ নভেম্বর) বিকেলে জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি কিশোর গ্যাং সদস্য আটক হয়েছে কুমিল্লায়। এ জেলায় আটক হয়েছেন ২৬৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ১১১, লক্ষ্মীপুরে ৫৬, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮, চাঁদপুর ও নোয়াখালীতে ২৭ জন করে, কক্সবাজারে ২৬, ফেনী ও খাগড়াছড়িতে ১৩ জন করে, বান্দরবানে ১২ এবং রাঙামাটিতে ১১ জনকে আটক করা হয়েছে।
কিশোর গ্যাংবিরোধী অভিযানের পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানও পরিচালনা করেছে পুলিশ। এসব অভিযানে সব মিলিয়ে ১ হাজার ১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ৩৮ হাজার ১৩৭টি ইয়াবা বড়ি, ২৭ কেজি ৩৬০ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ এবং ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে চাঁদপুরে ৫৫, কুমিল্লায় ২৬, চট্টগ্রামে ১৫, নোয়াখালীতে ৯, লক্ষ্মীপুরে ৭, ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়িতে ৬ জন করে, ফেনী ও রাঙামাটিতে ২ জন করে এবং কক্সবাজারে একজন রয়েছেন।



















