লোকসমাচার ডেস্ক:রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠনের মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর পৌনে ১টা থেকে কলাবুনিয়া এলাকায় এই গোলাগুলির ঘটনা শুরু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, আজ দুপুর থেকে সাজেক ইউনিয়নের কলাবুনিয়া এলাকায় শান্তি চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এবং চুক্তি সমর্থক জেএসএসের মধ্যে দফায় দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পাহাড়ে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।
তবে এখন পর্যন্ত এই সংঘর্ষে হতাহতের কোনো সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর সাজেক ইউনিয়নের চাইলাতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় সঞ্জিতা ত্রিপুরা নামে শিশু গুলিবিদ্ধ হয়েছিল। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
অন্যদিকে, গত ১১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সাজেক এলাকা থেকে জেএসএসকে সরিয়ে দেওয়ার দাবিতে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। ধারাবাহিক এই সংঘাত ও অবরোধের কারণে সাজেক ও এর আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।























