মনিরামপুর (যশোর) প্রতিনিধি:ইসলামিক এডুকেশন সেন্টার (আইইএস), ঢাকার উদ্যোগে প্রথমবারের মতো দেশব্যাপী বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার (৩১ অক্টোবর) যশোরের মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে মনিরামপুর ও কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা প্রায় ৬০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষায় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রটি প্রাণবন্ত হয়ে ওঠে।
পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী জানায়, এ ধরনের বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরে তারা আনন্দিত। তাদের মতে, এ ধরনের আয়োজন লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মেধা যাচাই ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে।
আইইএসের যশোর জেলা অঞ্চলের পরিচালকের সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা গেছে, দেশের মোট ১৮৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩ শতাংশ শিক্ষার্থীকে ট্যালেন্টপুল এবং ৪ শতাংশ শিক্ষার্থীকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার আমির সহকারী অধ্যাপক মো. ফজলুল হক, নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী, উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা খলিলুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাওলানা সেলিম জাহাঙ্গীর এবং পৌরসভা আমির সহকারী অধ্যাপক আব্দুল বারী।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপজেলা আমির সহকারী অধ্যাপক মো. ফজলুল হক বলেন, ইসলামিক এডুকেশন সেন্টারের এ উদ্যোগ শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের শিক্ষাজীবনে আরও উৎসাহিত করবে। এ ধরনের আয়োজনের জন্য তিনি আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






















