ম. ম. রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধি:গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চ বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে। পদ্মা সেতু হয়ে শরীয়তপুরের জাজিরা, ফরিদপুরের ভাঙ্গা ও গোপালগঞ্জ অতিক্রম করে বহরটি বাগেরহাটের ফকিরহাটে পৌঁছায়।
কাটাখালীর পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তাঁরা রাজপথে নেমেছেন। কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।
যুবসমাজের উদ্দেশে জামায়াত আমির বলেন, কারও ছলনায় কান দেওয়া যাবে না। সামনে আরেকটি অনিবার্য বিপ্লবের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বৃহত্তর ত্যাগের জন্য যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
দেশের যোগাযোগব্যবস্থা ও আঞ্চলিক স্বার্থ প্রসঙ্গে তিনি বলেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশকে অন্য কোনো দেশের কাছে ইজারা দেওয়া যাবে না। দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
লংমার্চের সাত দফা দাবি
১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবির মধ্যে রয়েছে— গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-জ্বালানি ও সারের সংকট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা।
কাটাখালী থেকে লংমার্চের বহর খুলনা মহানগরী, ফুলতলা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাওয়ার কর্মসূচি রয়েছে। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
সাত দফা দাবি সামনে রেখে আয়োজিত এ লংমার্চকে কেন্দ্র করে বাগেরহাটের কাটাখালী ও আশপাশের এলাকায় রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
দৈনিক লোকসমাচার ডটকম
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬

























