লোকসমাচার,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর পুকুর থেকে মাইশা আক্তার নামে ১৩ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজী ছান্দিয়াপুর গ্রামের পূর্বপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, রোববার (১১ অক্টোবর) সকালে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু মাইশা। পরে বাড়ির পাশের পুকুরে পড়ে যাওয়ার আশঙ্কায় খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে তল্লাশি শুরু করে। দিনভর অভিযান চালিয়েও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
এরপর মঙ্গলবার বিকেলে ওই পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেটি উদ্ধার করেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
























