লোকসমাচার ডেস্ক:দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হামে আক্রান্ত হয়ে একজন এবং ১০ জন হামের উপসর্গে মারা গেছেন। এছাড়া গত একদিনে হামে আক্রান্ত হয়েছেন ২২৪ জন এবং ২৩৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ২৩৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৮৮৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২৪ জন, গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৩৯৮ জন। এ সময় সন্দেহজনক হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার ৮৮৩ জন।
এছাড়া, সময়ে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন চার হাজার ৬৩৫ জন। মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি ছয় জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।
একই সময়ে জেলার তালিকাতেও ঢাকায় সর্বোচ্চ ছয় জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২১ জনের।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত একই ধরনের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১২৮ জনের।





















