লোকসমাচার,নরসিংদী প্রতিনিধি:নরসিংদীর মাধবদী উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে আমেনা আক্তার (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে স্থানীয়রা গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত আমেনা আক্তার বিলপাড় এলাকার আশরাফ হোসেনের মেয়ে। পরিবারের অভিযোগ, প্রায় ১৫ দিন আগে স্থানীয় যুবদল নেতা ( নাম প্রকাশে অনিচ্ছুক)সহ কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। বুধবার রাতে খালার বাড়িতে নেওয়ার পথে অভিযুক্তরা বাবার কাছ থেকে জোর করে মেয়েটিকে তুলে নিয়ে যায়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে সন্দেহভাজনদের শনাক্তে কাজ করছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

























