লোকসমাচার ডেস্ক:অনলাইন পর্নোগ্রাফি সংক্রান্ত গ্রুপ, অ্যাডমিন ও অর্থ লেনদেনকারী প্রতারক চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৯ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন।
টেলিগ্রামে হাজারো তরুণীর নগ্ন ভিডিও বিক্রি সংক্রান্ত কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালত সপ্রণোদিত হয়ে আমলে নিয়ে এ আদেশ দিয়েছেন।
এ ছাড়া আদেশে ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনারকে একজন দক্ষ তদন্ত কর্মকর্তা নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারক আদেশে তদন্তকালে উদঘাটিত তথ্য ও ঘটনার আলোকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তাকে প্রতি ১৫ দিন অন্তর তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। উভয় সংবাদদাতাকে তদন্তকালে সহযোগিতা করার নির্দেশ দিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত।
গত শনিবার একটি দৈনিক পত্রিকার প্রথম পাতায় ‘টেলিগ্রামে হাজারো তরুণীর নগ্ন ভিডিও বিক্রি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদটি বিবিসি বাংলাসহ অনেক পত্রিকা ও অনলাইন ওয়েবসাইটেও প্রকাশিত হয়। সংবাদটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার ও আলোচনা হয়। জন গুরুত্বপূর্ণ বিবেচনায় ও ফৌজদারি কার্যবিধির ১৯০ (১) (সি) ধারায় ওই আদালতের নজরে আসায় এবং জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনায় আদালত এ আদেশ দেন।

























