লোকসমাচার ডেস্ক:জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ দলটির প্রায় ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মঙ্গলবার বিকেলে রমনা মডেল থানায় আবেদনটি জমা দেন।
রমনা থানার ওসি মো. গোলাম ফারুক জানান, প্রাথমিকভাবে এজাহারটি গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে মামলাটি রেকর্ড করা হবে।
আখতারুজ্জামান সম্রাট সাংবাদিকদের বলেন, ‘জাতীয় পার্টির নেতাকর্মীরা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে। হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করেছে। তাই আমরা মামলা করতে বাধ্য হয়েছি।’
এজাহারে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে এক নম্বর আসামি করা হয়েছে। বাকি আসামিদের মধ্যে রয়েছেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দীন মিলনসহ ১৮ জন। এছাড়া অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

























