লোকসমাচার ডেস্ক:তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের পয়সা দিয়ে চোরাগোপ্তা হামলা করাচ্ছে। তারা ওয়ার্ড পর্যায়েও নেতাকর্মীদের পয়সা দিয়ে এ চোরাগোপ্তা হামলা করাচ্ছে। যারা এ কাজ করছেন, এর সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে কেবল সরকার না, জনগণও ব্যবস্থা গ্রহণ করবে।
তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এটি কোনো রাজনীতি না, কোনো রাজনৈতিক কর্মসূচি না। তারা এতদিন সবকিছু করেছেন। কিন্তু সমাবেশ শুরুর আগেই প্রধান বিচারপতির বাসভবনে, জাজেস কমপ্লেক্সে, হাসপাতালে হামলা চালিয়েছে ও পুলিশ হত্যা করেছে। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের কয়েক লাখ নেতাকর্মী দেড় কিলোমিটার দূরে ছিলেন। একজনও তাদের সমাবেশের দিকে যাননি বলে দাবি করেন তিনি।
সোমবার (৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। পরে তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, দেখুন, আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না। যাদের গ্রেপ্তার করা হচ্ছে, সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। যেসব নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের আগুন-সন্ত্রাসের হুকুমদাতা, হোতা ও অর্থদাতা হিসেবে গ্রেপ্তার হচ্ছে। ওয়ার্ড পর্যায়ে টেলিফোন করে বিএনপি নেতারা, বিশেষ করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলছেন, আগুন-সন্ত্রাস চালাতে। সেগুলোর তথ্যপ্রমাণ আমাদের কাছে আছে।
বিএনপিকে মুসলিম লীগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানই যথেষ্ট দাবি করে মন্ত্রী বলেন, বিএনপি নিশ্চিহ্ন হওয়ার জন্য আর কাউকে লাগবে না।




















