লোকসমাচার ডেস্ক:রোববার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সারা দেশে সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি। এর আগে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার সারা দেশের মসজিদগুলোতে দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করবে। তবে শনিবার কোনো কর্মসূচি নেই দলটির।
বৃহস্পতিবার (২ নভেম্বর) জুমে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ কর্মসূচি সফলে দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় ইসি থেকে পাঠানো চিঠির বিষয়ে রিজভী বলেন, ‘আজ নির্বাচন কমিশনের চিঠি নিয়ে এসেছে। কিসের সংলাপ, কার জন্য সংলাপ। মহাসচিবসহ সিনিয়র নেতাদের বন্দি করে, ঘরবাড়িতে আক্রমণ করে, গণহারে গ্রেপ্তার করে কিসের সংলাপ। কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত আটকে রাখা হয়েছে। সুতরাং সংলাপ হচ্ছে লোক দেখানো। সরকারের নির্দেশনায় এই তামাশা করা হচ্ছে। ইসি কী করবে তা আমরা জানি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে তালিকা দেওয়া হবে তাদেরকেই নির্বাচিত বলে ঘোষণা করবে ইসি। এ ছাড়া আর কিছুই করাই নেই নির্বাচন কমিশনের।’
তিনি বলেন, ‘যতই গ্রেপ্তার-হত্যা-নির্যাতন করুন না কেন, জনগণের মাঝে প্রতিবাদী শক্তি জেগে উঠছে। জনগণের বিজয় অনিবার্য।’
গ্রেপ্তার ও মামলার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ‘গতকাল (বুধবার) রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৭২ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে । মিথ্যা মামলা হয়েছে ১৬টি।’




















