লোকসমাচার ডেস্ক:সরকার রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন ‘আর কালবিলম্ব নয়, এখনই সবাইকে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে এই দানবীয় সরকারের হাত থেকে মুক্তি পেতে।’
শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ও সরকার পতনের একদফা’ দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার জনগণকে বোকা বানাতে চায়। আজকে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, মানুষের ঘরে চাল নাই ডাল নাই তেল নাই। এই দিকে সরকারের কোনো খেয়াল নাই। সরকারের খেয়াল একটাই কীভাবে ক্ষমতায় যেতে হবে, কীভাবে দেশকে শোষণ করা যায়’।
তিনি বলেন, ‘অবিলম্বে এই সরকারকে বলবো সংসদকে বিলুপ্ত করে দিন। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। কিন্তু তারা জানেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে তারা ১০টি আসনও পাবেন না। এ কারণে তারা দলীয় সরকারের অধীনে অবৈধভাবে আবারও নির্বাচন করতে চায়।’
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাসহ রাষ্ট্রের সকল স্তম্ভ সরকার ধ্বংস করেছে। এটাই পরিষ্কার সরকার রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ’।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে আর বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।




















