লোকসমাচার ডেস্ক:আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বসে।
নাটোর-৪ আসনে উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে এ সভা বসেছে। নাটোর-৪ আসনে উপ-নির্বাচনে অংশ নিতে আগ্রহী ১৭ জন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সভায় এ আসন উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর নাম চুড়ান্ত করা হবে। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে দলীয় নেতাদের সঙ্গে আলাপ করবেন দলীয় প্রধান।
গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস মারা যান। তার মৃত্যুর পর এ আসন শূন্য ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ৭ সেপ্টেম্বর নাটোর-৪ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ১১ অক্টোবর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।




















