লোকসমাচার ডেস্ক :ঝিনাইদহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সোমবার নতুন করে আরো চারজনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। নতুন আক্রান্তেদের মধ্যে চিকিৎসকও রয়েছেন।
এ নিয়ে জেলায় গত ৩ দিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জন। এর মধ্যে ঝিনাইদহ সদরে ৫ জন, শৈলকুপা উপজেলা ৩ জন, কালীগঞ্জে ২ জন, কোটচাঁদপুরে ১ জন, মহেশপুরে ১ জন ও হরিনাকুণ্ডর একজন রয়েছেন। আক্রান্তদের মধ্যে দুজন চিকিৎসক, ২ জন পরিসংখ্যনবীদ, ৩ জন অ্যাম্বুলেন্সচালক, একজন স্কুলশিক্ষক রয়েছেন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শনিবার ২, রোববার ৭ এবং সোমবার ৪ জনের নমুনার ফলাফল পজেটিভ এসেছে। তিনি জানান, আক্রন্তদের শারীরিক অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো জানান, এপর্যন্ত জেলায় করোনা সম্ভাব্য ২১৭ রোগীর নমুনা পরীক্ষার জন্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ১৬৩ জনের রিপোর্ট এসেছে। যার মধ্যে ১৩ জনের রিপোর্ট পজেটিভ।
সদর হাসপাতালসহ ৬ উপজেলার কোনো হাসপাতালেই আইসিইউ ইউনিট ও ভেন্টিলেটরের ব্যবস্থা নেই। জেলায় ১১৫ সিলিন্ডার অক্সিজেন আছে। এর মধ্যে সদর হাসপাতালে ৫৭ সিলিন্ডার । জেলায় আইসোলেশন ওয়ার্ডে বেড আছে ৭৫টি। প্রতাষ্ঠিানিক কোয়ারেন্টিনের ৪টি রুমে ২০০ জনকে রাখার ব্যবস্থা আছে। রোগী বহনের জন্যে ৬টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। সূত্র: নয়া দিগন্ত
























