লোকসমাচার ডেস্ক:সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ মার্চ ঢাকাসহ বিভাগীয় শহরে মানববন্ধন করবে গণতন্ত্র মঞ্চ।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, গণতন্ত্র মঞ্চের পরিবর্তী কর্মসূচি হবে আগামী ১১ মার্চ ঢাকাসহ বিভিন্ন বিভাগে মানববন্ধন। এই মঞ্চের সব শরিক সংগঠনগুলোকে অনুরোধ করব, আপনারা বিভিন্ন বিভাগের নেতাদের জানিয়ে দিন ঢাকাসহ বিভাগীয় মানববন্ধন সফল করার জন্য।
সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের কাছে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সমবেত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা কাকরাইলে নাইটিঙ্গেল রেস্তোরাঁ মোড়ে পদযাত্রা শেষ করেন।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো শনিবার সারাদেশে থানায় থানায় পদযাত্রা করছে।
ভাসানী অধিকার পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সঞ্চালনায় সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন এবং বাংলাদেশ গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।






















