লোকসমাচার ডেস্ক:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দফতর থেকে তার পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন। এ সময় সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
আসন সমঝোতার কারণে বিএনপি এই আসনটি তাদের জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন এবং সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সভা-সমাবেশ করে আসছিলেন।
দলীয় মনোনয়ন না পাওয়ায় রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছিল। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনার পর নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। কর্মীদের দাবি, বিপুল ভোটের ব্যবধানে এই আসন থেকে বিজয়ী হবেন রুমিন ফারহানা।
উল্লেখ্য, এর আগে একাধিক জনসভায় রুমিন ফারহানা ঘোষণা দিয়েছিলেন, দলীয় মনোনয়ন না পেলে বাবার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।























