নিজস্ব প্রতিনিধি দৈনিক লোকসমাচার:গত তিন দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা একই রকম বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, গত ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা একই রকম। এ সময়ে উনাকে যে চিকিৎসা দেয়া হচ্ছে তিনি তা গ্রহণ করতে পারছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশী-বিদেশ চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত এখানেই চলবে।
যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শক্রমে এই হাসপাতালে চিকিৎসা অব্যাহত আছে এবং থাকবে বলে জানান ডা. জাহিদ।
এসময় হাসপাতাল এলাকায় ভিড় না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এখানে বিএনপি চেয়ারপারসনের পাশাপাশি আরও অনেক রোগী ভর্তি আছেন।
তাদের কারও চিকিৎসা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য যথাসম্ভব ভিড় কম করে যার যার অবস্থান থেকে নিজ নিজ ধর্ম অনুসারে সবাই ওনার সুস্থতার জন্য দোয়া-প্রার্থনা করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, বিদেশে নেওয়ার বিষয়টি খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মেডিকেল বোর্ড এমন কোনো সিদ্ধান্ত নিলে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।























