নিজস্ব প্রতিনিধি:বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা এবং সরকারের স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় ব্যবস্থার ভিত্তিতে দেশে আবারও কিছু জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনে নতুন মূল্যতালিকার ঘোষণা দেয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেলের দাম আগের মতোই প্রতি লিটার ১১৫ টাকা রাখা হয়েছে। তবে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে। ফলে এখন প্রতি লিটার অকটেন বিক্রি হবে ১৪৫ টাকায়, পেট্রোল ১৪০ টাকায় এবং কেরোসিন ১৩৫ টাকায়।
মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত এই মূল্য ১ জুন (সোমবার) থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু রয়েছে। এই ব্যবস্থার আওতায় আমদানি ব্যয়ের হিসাব বিবেচনা করে প্রতি মাসে নতুন মূল্য নির্ধারণ করা হয়। মার্চ ও এপ্রিলের শুরুতে দাম অপরিবর্তিত থাকলেও ১৯ এপ্রিল থেকে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা প্রতি লিটার দরে বিক্রি হয়ে আসছিল।





















