নিজস্ব প্রতিনিধি,জাফরান আকন্দ:কিশোরগঞ্জ, ৩ জুন ২০২৬: কিশোরগঞ্জ জেলা শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচলের উপযোগী করে তুলতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
বুধবার (৩ জুন) শহরের বটতলা মোড় থেকে শুরু করে কাচারী বাজার, গৌরাঙ্গ বাজার ও পুরান থানা মোড়সহ প্রধান সড়কগুলোর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দোকানের নির্ধারিত সীমানার বাইরে রাখা মালামাল উচ্ছেদ করা হয়। অভিযানের ফলে পথচারীদের চলাচলের প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করা, যানজট নিরসনের মাধ্যমে নাগরিক দুর্ভোগ কমানো এবং আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলাই এ অভিযানের মূল লক্ষ্য।অভিযানে সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের উদ্দেশে বলেন, “ফুটপাত জনগণের হাঁটার জন্য, ব্যবসার জন্য নয়। শহরকে সুন্দর ও যানজটমুক্ত রাখতে সবাইকে আইন মেনে চলতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর মডেল থানার অফিসার ইনচার্জ, কিশোরগঞ্জ পৌরসভার প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অভিযানের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
জেলা পুলিশ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও যানজটমুক্ত কিশোরগঞ্জ গড়ে তুলতে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে কিশোরগঞ্জকে গড়ে তোলা সম্ভব।




















