স্টাফ রিপোর্টার:সারাদেশে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা তদারকির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ যশোর জেলায় সিভিল সার্জন মহোদয়ের নির্দেশনায় যশোর শহর, সদর উপজেলা ও ঝিকরগাছা উপজেলায় ঝটিকা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
স্বাস্থ্যবিভাগের নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রমে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ ও র্যাব ৬ এর সদস্যগণ সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন।
অভিযানকালে যশোর শহরের আধুনিক হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ল্যাবজোন ডায়াগনস্টিক & হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক ও হাসিনা ক্লিনিককে অব্যবস্থাপনার দায়ে প্রত্যেকের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সদর উপজেলার খাজুরা বাজারে অবস্থিত মা জেনারেল হাসপাতালকে অব্যবস্থাপনার জন্য জরিমানা সহ লাইসেন্স নবায়ন ব্যতিত সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে সালমা মেডিকেল সেন্টার ও সালেহা ক্লিনিককে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া অব্যবস্থার কারনে ঝিকরগাছা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।
সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের গুনগত মান নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগের এই কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি মানহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ভূয়া চিকিৎসকদের থেকে দূরে থাকতে এবং এ সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষ, বিশেষত সচেতন নাগরিক ও গণমাধ্যম কর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।














